ট্টগ্রাম বন্দরে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম শুরু
চট্টগ্রাম বন্দরে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে আরও চারটি জাহাজ বাংলাদেশের জলসীমায় অবস্থান করছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বুধবার সকালে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
এসব জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, বিভিন্ন ধরনের জ্বালানি তেল এবং শিল্পকারখানার কাঁচামাল রয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যে আরও চারটি জাহাজ বন্দরের জলসীমায় পৌঁছাবে। এতে আগামী দেড় মাসের জ্বালানির সরবরাহ নিশ্চিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
তবে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় বহির্নোঙরে থাকা জাহাজগুলোর নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এজন্য নৌবাহিনী ও কোস্ট গার্ডকে বিশেষ সতর্কতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের জলসীমায় বিভিন্ন ধরনের জ্বালানিবাহী মোট ১৫টি জাহাজ অবস্থান করছে।