ঢাকা–১৩ আসনের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৩ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে তিনি আদালতের কাছে ফল পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
ঘোষিত ফল অনুযায়ী, এ আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুল হক পান ৮৬ হাজার ৬৭ ভোট। ফলে তাদের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ২ হাজার ৩২০।
মামুনুল হকের অভিযোগ, প্রায় ২ হাজার ৩০০ ভোট অকারণে বাতিল করা হয়েছে, যেগুলো মূলত তার পক্ষে পড়েছিল। এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জানালেও তাকে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।