ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে ১০ দিনে বাতিল ২৪ হাজার ফ্লাইট
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী বিমান চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। মাত্র ১০ দিনে ছয়টি বড় বিমান সংস্থা প্রতিদিন গড়ে দুই হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করেছে। এতে লক্ষাধিক যাত্রী ভোগান্তিতে পড়েছেন এবং বিমান সংস্থাগুলো বিপুল আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে।
সংঘাত শুরুর আগে কুয়েত এয়ারওয়েজ, ফ্লাই দুবাই, এমিরেটস, ইতিহাদ, এয়ার অ্যারাবিয়া ও কাতার এয়ারওয়েজ নিয়মিত দৈনিক শতাধিক ফ্লাইট পরিচালনা করত। কিন্তু গত ১০ দিনে মাত্র প্রায় ৫০টি বিশেষ ফ্লাইট পরিচালনা সম্ভব হয়েছে। বিমান সংস্থাগুলোর আধুনিক যাত্রীবাহী বিমান যেমন এয়ারবাস এ৩৮০, এ৩২০, এ৩৫০, এ৩২১ ও বোয়িং ৭৭৭, ৭৮৭ও এই পরিস্থিতিতে বিশাল ক্ষতির সম্মুখীন।
পাকিস্তানের ট্রাভেল এজেন্টদের দাবি, পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিমান ও পর্যটন খাতের ক্ষতি আরও ভয়াবহ হবে। ইসলামাবাদ, লাহোর, করাচি ও মুলতান থেকে প্রতিদিন প্রায় ১০০টি ফ্লাইট বন্ধ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সম্ভাব্য আর্থিক সহায়তা প্যাকেজ গ্রহণ করতে হতে পারে।