জ্বালানি তেলের বাজারে নজরদারি জোরদার, সারা দেশে মোবাইল কোর্টের নির্দেশ
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেট পরিবীক্ষণ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসকের কাছে এ নির্দেশনা পাঠানো হয়। সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়ার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে মাঠ প্রশাসনকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত, নির্ধারিত দামের বেশি দামে বিক্রি এবং খোলা বাজারে তেল বিক্রি বা পাচার রোধে কঠোর নজরদারি চালাতে হবে। এ লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুরোধের ভিত্তিতে জনস্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলা প্রশাসকদের তত্ত্বাবধানে বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করবেন।