জ্বালানি সাশ্রয়ে কাল থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ
রোববার শিক্ষা মন্ত্রণালয় এক নির্দেশনায় জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে ঈদুল ফিতরের ছুটি এগিয়ে আনা হয়েছে। ফলে আগামী ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদের ছুটি পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
নির্দেশনায় বলা হয়, বৈশ্বিক সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জরুরি। এ কারণে বিশ্ববিদ্যালয়গুলোকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহারে উৎসাহিত করতে হবে এবং অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে। প্রয়োজন ছাড়া লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে এবং এয়ার কন্ডিশনারের তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে।