• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

শপিংমলে আলোকসজ্জা না করার আহ্বান: বিদ্যুৎমন্ত্রী

শপিংমলে আলোকসজ্জা না করার আহ্বান: বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শপিংমলে অপ্রয়োজনীয় আলোকসজ্জা না করার আহ্বান জানিয়েছেন।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ সংকটের সময়ে শপিংমলে আলোকসজ্জা করা উচিত নয়। দেশবাসীকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধও জানান তিনি।

জ্বালানি মজুত ও রেশনিং পরিকল্পনা

মন্ত্রী জানান, বর্তমানে যে জ্বালানি মজুত রয়েছে তা মার্চ মাস পর্যন্ত চলবে। কিছুটা সংকট থাকলেও তা অসহনীয় পর্যায়ে যাবে না বলে তিনি আশ্বস্ত করেন। পরিস্থিতি মোকাবিলায় সরকার নানামুখী প্রস্তুতি নিচ্ছে।

সরকার রেশনিংয়ের মাধ্যমে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনা করছে। সীমান্ত দিয়ে বেশি দামে জ্বালানি পাচার ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে এবং এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে নির্দেশনা দেওয়া হয়েছে।

লোডশেডিং ও রমজান প্রস্তুতি

তিনি বলেন, এখনই লোডশেডিং দেওয়া হবে না। সরকার যেকোনো মূল্যে ইফতার ও সেহেরির সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। তবে বর্তমান পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে নয়।

তিনি আরও জানান, প্রয়োজনে শপিংমলে আলোকসজ্জা বন্ধে নির্দেশনাও আসতে পারে। বৈশ্বিক যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিরতার প্রভাব বিশ্বব্যাপী পড়ছে, যার প্রভাব বাংলাদেশও এড়াতে পারছে না।

 

০৪ মার্চ ২০২৬, ০৫:২৫পিএম, ঢাকা-বাংলাদেশ।