ভিসার মেয়াদ এক মাস বাড়াল কাতার
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সব ধরনের মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষ হওয়ার পথে থাকা ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক মাস এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। পরিস্থিতি বিবেচনায় সময়সীমা আরও বাড়ানো হতে পারে।
দোহা নিউজ এবং কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। কূটনৈতিক সূত্র জানায়, বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে বিভিন্ন দেশ ভিসার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানালে কাতার সরকার তা বিবেচনায় নেয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভিসা বাড়ানোর প্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এ জন্য কোনো ফি দিতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হওয়ারও প্রয়োজন নেই।
তবে ২৮ ফেব্রুয়ারির আগে যেসব ভিসার সময়সীমা লঙ্ঘিত হয়েছে, সেসব ক্ষেত্রে নির্ধারিত জরিমানা পরিশোধের পর বর্ধিত মেয়াদ প্রযোজ্য হবে। কাতার সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখার কথাও জানিয়েছে।