আটকে পড়া বাংলাদেশিদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী
ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ইরানের ঘটনার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশিদের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা বেশ কিছু ফ্লাইট বাতিল হওয়ায় উদ্ভূত পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ আটকে পড়া যাত্রীদের দেখভাল করতে সরকার সর্বোচ্চ তৎপর রয়েছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন এবং বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে অবস্থান করছেন। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রীও সার্বক্ষণিকভাবে বিষয়টি তদারকি করছেন।
সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী দিনের কর্মসূচি শুরু করেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে আসাদুল হাবিব দুলু জানান, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা গেছে।