রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ
নিজস্ব প্রতিবেদক
রমজান মাসের পরপরই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টারস ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসি মাছউদ বলেন, রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর আগে যেসব উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, সেগুলো যথাসময়ে সম্পন্ন করা হবে। তিনি জানান, স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন নির্বাচন নিয়ে কমিশন সারা বছরই ব্যস্ত থাকবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য দায়বদ্ধ। আইন প্রণয়নের দায়িত্ব সংসদের; সংসদ যে আইন করবে, তার ভিত্তিতেই নির্বাচন আয়োজন করবে কমিশন। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না—সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ইসি।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি বলেন, কোথাও ঘাটতি থাকলে তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।