খামেনিকে হত্যার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা।
রোববার (১ মার্চ) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর উত্তর গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিজয়নগর হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও মুসল্লি অংশ নেন।
সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের আরও নেতারা।