গভর্নর নিয়োগে সরকার দুর্বল পদক্ষেপ নিয়েছে: খন্দকার গোলাম মোয়াজ্জেম
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)–এর গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, বর্তমান সরকার গভর্নর নিয়োগের ক্ষেত্রে দুর্বল ও অস্বচ্ছ পদক্ষেপ নিয়েছে। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দিতে চাইলে এর চেয়ে ভালো প্রার্থী বেছে নেওয়া যেত বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত: ১৮০ দিন ও তারপর’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
গভর্নর নিয়োগে নির্দিষ্ট নীতিমালা না থাকার সমালোচনা করে তিনি ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া–এর উদাহরণ তুলে ধরেন। সেখানে অর্থসচিবসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে কমিটি গঠন, সংক্ষিপ্ত তালিকা ও সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হয়। বাংলাদেশেও আইনবদ্ধ ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেন তিনি।
সদ্য সাবেক গভর্নর আহসান এইচ মনসুর–এর প্রসঙ্গ টেনে মোয়াজ্জেম বলেন, সংস্কার প্রক্রিয়া অনেকটাই ব্যক্তিকেন্দ্রিক হলেও তিনি দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সংস্কার অব্যাহত রাখতে তাঁকে দায়িত্বে রাখা যেত বলেও মত দেন তিনি।