• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ইয়াবা ব্যবসায়ীদের বিএনপি ছাড়ার আহ্বান এমপি শাহজাহান চৌধুরীর

ইয়াবা ব্যবসায়ীদের বিএনপি ছাড়ার আহ্বান এমপি শাহজাহান চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি এমপি শাহজাহান চৌধুরী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, মাদক কারবারে জড়িত কেউ বিএনপিতে থাকলে সরে যেতে হবে। ‘ইয়াবা ব্যবসায়ীরা আল্লাহর ওয়াস্তে দল থেকে সরে যান’—বলেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় টেকনাফে উপজেলা বিএনপি আয়োজিত শোকরানা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। নিখুঁত উখিয়া-টেকনাফ গড়তে সবার ‘শুদ্ধ’ হওয়ার ওপর জোর দেন এমপি শাহজাহান।

নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, নতুন প্রজন্মই ভবিষ্যতে দল চালাবে; কেউ যেন মনে না করেন, একজনকে ছাড়া দল চলবে না। বিদ্যমান সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

টেকনাফ স্থলবন্দর নিয়ে তিনি বলেন, সীমান্তের কালোবাজারি রোধে বন্দর চালু করা হয়েছিল; অতিরঞ্জন করে বন্ধের চেষ্টা না করার আহ্বান জানান। শিগগিরই বন্দরকেন্দ্রিক বাণিজ্য স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন।

সভায় জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী; সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫পিএম, ঢাকা-বাংলাদেশ।