• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

চাঁদার দাবিতে মাদ্রাসা ভবনের কাজ বন্ধের অভিযোগ

চাঁদার দাবিতে মাদ্রাসা ভবনের কাজ বন্ধের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে। স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ঠিকাদার এস এম বদিউজ্জামান থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, গুলিশাখালী ফাজিল মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা ভবনের কাজ করছে মেসার্স ওসমান আলী। অভিযোগ অনুযায়ী, নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে কয়েকজন কাজের শুরু থেকেই বাধা দেন এবং দুই লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত সোমবার তারা এসে কাজ বন্ধ করে দেন ও হুমকি দেন।

অভিযুক্ত হাফিজুর রহমান দাবি করেন, অনিয়মের কারণেই কাজ বন্ধ করা হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী বলেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজ নিয়ে কোনো অভিযোগ নেই।

মোরেলগঞ্জ থানা–র ওসি মাহমুদুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছেন; তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার টাকা।

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৮পিএম, ঢাকা-বাংলাদেশ।