অনুমতি ছাড়া মেট্রোরেল স্টেশনে ছবি-ভিডিও নিষিদ্ধ
ঢাকার জনপ্রিয় গণপরিবহন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল স্টেশনে অনুমতি ছাড়া ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি বা যেকোনো ধরনের কনটেন্ট তৈরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।
গত ১৭ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টেশন এলাকা, প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও বাহির পথ, ট্রেনের ভেতরসহ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া শর্ট ভিডিও তৈরি, ইউটিউব বা সামাজিক মাধ্যমে প্রচার, বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি, লাইভ স্ট্রিমিং কিংবা শুটিং করা যাবে না।
নির্দেশনা অমান্য করলে প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাণিজ্যিক শুটিং বা ভিডিও ধারণের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়ায় আগাম অনুমতির জন্য আবেদন করতে হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।