পুনঃভর্তি ফি নিলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিবছর ভর্তি ফি নেওয়া যাবে না। যদি কোনো প্রতিষ্ঠান ভিন্ন উপায়ে পুনঃভর্তি ফি আদায় করে এবং তার প্রমাণ পাওয়া যায়, তাহলে শিক্ষা মন্ত্রণালয় আইনানুগ ব্যবস্থা নেবে।
এমপিও প্রসঙ্গে মন্ত্রী জানান, অতীতে তড়িঘড়ি করে যাচাই-বাছাই করা হয়েছে। বিষয়টি পুনর্বিবেচনা করে পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের বিষয়ে তিনি বলেন, এখনো নথি পর্যালোচনার সুযোগ হয়নি; প্রয়োজন হলে কমিটি গঠন করে বিষয়টি দেখা হবে।
সম্প্রতি আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করেছে, যেখানে পুনঃভর্তি ফি আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।