প্রধানমন্ত্রীকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের
২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান–কে সপরিবারে দাওয়াত দেওয়া হয়েছে। বুধবার সকালে সচিবালয়ে গিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
পরে প্রেস ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, এটি সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। সৌজন্য সাক্ষাৎ ও ইফতারের দাওয়াত দেওয়ার পাশাপাশি পারস্পরিক আলোচনা হয়েছে। এ সময় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান–এর অসুস্থতার কথা শুনে প্রধানমন্ত্রী ফোনে তার সঙ্গে কথা বলেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী দাওয়াত কবুল করেছেন এবং অনুষ্ঠানে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন। আমির টেলিফোনে প্রধানমন্ত্রীর স্ত্রী ও সন্তান জায়মা রহমানসহ স্বপরিবারে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। উভয়ের কাছেই দাওয়াতপত্র দেওয়া হয়েছে।
গোলাম পরওয়ার আরও বলেন, দেশের রাজনীতি যেন মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিচালিত হয়—সে আহ্বান জানানো হয়েছে। আলোচনায় ‘ব্যাড প্র্যাকটিস’ পরিহার, সরকারি দল ও বিরোধীদলের সমন্বয়, সংসদকেন্দ্রিক বিতর্ক এবং নিয়মতান্ত্রিক রাজনৈতিক চর্চার বিষয়ে মতবিনিময় হয়েছে।
সাক্ষাৎ ও প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম উপস্থিত ছিলেন।