• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর ‘পুলিশি হামলার’ অভিযোগে শাহবাগ থানা–র সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)–র রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের অপসারণ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযোগ কী?

শিক্ষার্থীদের দাবি, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যান–এ মাদকবিরোধী অভিযানের সময় পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালায়। এতে দুজন সাংবাদিক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ চিকিৎসা নেন। একই ঘটনায় নাইম উদ্দীন শারীরিকভাবে হেনস্তার শিকার হন বলে অভিযোগ করা হয়।

বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা ‘হয়রানিমূলক পুলিশিং’ বন্ধের দাবি জানান এবং অভিযানে গোপনীয়তা রক্ষা না করার অভিযোগ তোলেন। কেউ কেউ ‘সেলিব্রেটি পুলিশিং’ আখ্যা দিয়ে অভিযানের ধরন নিয়ে সমালোচনা করেন।

তিন দফা দাবি

শিক্ষার্থীরা তিনটি প্রধান দাবি উত্থাপন করেন—
১. বিশ্ববিদ্যালয় ও শহরে সব ধরনের হয়রানিমূলক পুলিশিং বন্ধ।
২. ঘটনার তদন্তে কমিটি গঠন ও জড়িতদের আইনি বিচার।
৩. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শাহবাগ থানার মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিতকরণ।

এছাড়া ডিসি মাসুদ আলমসহ অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানান তারা।

নাইমুদ্দীন দাবি করেন, “আমি কোনো অপরাধ করিনি। পুলিশ আমার কাছে কিছু পায়নি। তারপরও আমাকে মাথা, হাত ও পায়ে আঘাত করা হয়েছে।” ঘটনার পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নেন বলে জানান।

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫পিএম, ঢাকা-বাংলাদেশ।