• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

নগদ–কে ব্যক্তি খাতে ছাড়ার সিদ্ধান্ত নতুন সরকারের নীতির ওপর

নগদ–কে ব্যক্তি খাতে ছাড়ার সিদ্ধান্ত নতুন সরকারের নীতির ওপর

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা নগদকে ব্যক্তি খাতে দেওয়া হবে কি না, তা নতুন সরকারের চূড়ান্ত নীতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আহসান এইচ মনসুর

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময় থেকে নগদে বিদেশি বিনিয়োগ আনার বিষয়ে যে আলোচনা চলছিল, তার ধারাবাহিকতায় এ বৈঠক হয়।

আরমান বলেন, বর্তমান সরকার এখনো নগদ বিষয়ে চূড়ান্ত নীতি নির্ধারণ করেনি। সরকার যদি এটি বেসরকারি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে বিনিয়োগের প্রক্রিয়া শুরু হবে। তিনি জানান, সংসদ সদস্য হিসেবে নয়; বরং একজন পেশাদার আইনজীবী হিসেবে বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন। অতীতে ডেল, মাইক্রোসফট, অ্যাপল ও উবারের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি।

সম্ভাব্য বিনিয়োগকারীরা বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং খাতে আগ্রহী এবং নগদে বিনিয়োগ লাভজনক হবে কি না, তা যাচাই করতে অডিট করার আগ্রহ গভর্নরকে জানিয়েছেন বলেও জানান আরমান।

স্বার্থের সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে এ দায়িত্ব পালন করলে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হবে না; পেশাগত দায়িত্ব আলাদা এবং রাজনীতি জনগণের সেবার জন্য।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক–এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নতুন সরকারের যে সিদ্ধান্ত থাকবে, সে অনুযায়ীই কাজ হবে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে শক্ত অবস্থানে রয়েছে।

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।