সময়মতো অফিসে উপস্থিতির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়ে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪–এর ৮৬ নম্বর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময় মেনে অফিসে আসা-যাওয়া বাধ্যতামূলক।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অধীন দপ্তর ও সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।