সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং উন্নয়ন সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্বাচিত হওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রিমিয়ার লি কিয়াং–এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত।
তিনি বলেন, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ; বিনিয়োগ বা তিস্তা ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়নি। তবে ভবিষ্যতে উন্নয়ন সহযোগিতা ও সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়, যদিও সফরের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।
উপদেষ্টা আরও জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর সময় থেকে বাংলাদেশ-চীনের সম্পর্কের সূচনা; সেই ধারাবাহিকতায় বর্তমানে চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ভবিষ্যতে সম্পর্ককে নতুন মাত্রায় নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।