• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

রোববার সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সাগর ও উপকূলীয় এলাকায় আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের বেশিরভাগ অঞ্চলে আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। তবে লঘুচাপের গতিপথ ও শক্তি বৃদ্ধির ওপর নির্ভর করে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে।

পূর্বাভাস সংক্ষেপে

সোমবার (২৩ ফেব্রুয়ারি):
আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি):
খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি):
খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় কোথাও কোথাও দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়া বিশ্লেষকেরা বলছেন, লঘুচাপটি আরও ঘনীভূত হলে নিম্নচাপে রূপ নিতে পারে। সে ক্ষেত্রে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে এখনো এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

সাগরে অবস্থানরত মাছধরা নৌকা ও ট্রলারগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদেরও আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করতে বলা হয়েছে।

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭পিএম, ঢাকা-বাংলাদেশ।