প্রথমবারের মতো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়–এ প্রথমবারের মতো দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান।
এ সময় তাঁকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। মূল ভবনে প্রবেশের আগে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। অনেককে নাম ধরে ডেকে খোঁজখবর নেন, যা উপস্থিতদের মধ্যে আবেগের সঞ্চার করে।
দাপ্তরিক কাজ শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.)সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচনের মাধ্যমে তাঁর প্রথম দিনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়।