শপথের প্রয়োজন নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গণভোটে জয়ী ‘হ্যাঁ’–র ক্ষেত্রে আলাদা করে শপথের প্রয়োজন নেই; জাতীয় সংসদে বসা মাত্রই তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।
শনিবার সকাল ৮টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। গণভোটে ‘হ্যাঁ-না’ ভোটের মধ্যে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। ফলে ‘হ্যাঁ’ কার্যকরে পৃথক শপথের প্রয়োজন নেই।
মব সংস্কৃতি প্রসঙ্গে তিনি বলেন, ‘মব’ মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা। বিশৃঙ্খল পরিবেশ দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে। যারা বাংলাদেশ গড়ার পথে বাধা দেবে, তারা দেশের শত্রুতে পরিণত হবে। তাই তিনি সবাইকে মব কালচার থেকে সরে আসার আহ্বান জানান।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।