চাঁদাবাজি ইস্যুতে সড়কমন্ত্রীর বক্তব্যের নিন্দা বাংলাদেশ জামায়াতে ইসলামীর
নিজস্ব প্রতিবেদক
সড়কপরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম–এর ‘সমঝোতার’ নামে চাঁদাবাজিকে কার্যত বৈধতা দেওয়ার অভিযোগ তুলে তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, মন্ত্রীর এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অনৈতিক। তিনি দাবি করেন, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ এবং এর প্রতি কোনো ধরনের সহনশীলতা রাষ্ট্রের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে।
বিবৃতিতে আরও বলা হয়, অপরাধকে ‘সমঝোতা’র আড়ালে বৈধতা দেওয়া হলে তা অপরাধীদের উৎসাহিত করবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে। জনগণ ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা থেকে বঞ্চিত হবে বলেও মন্তব্য করা হয়।
জামায়াতের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়, সংশ্লিষ্ট মন্ত্রীকে বক্তব্য প্রত্যাহার করে দেশবাসীর কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং চাঁদাবাজি প্রতিরোধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
বিবৃতির শেষাংশে ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে দেশবাসীকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।