প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঐতিহাসিক নির্বাচনি বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে তিনি মার্কিন জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও সফল মেয়াদের প্রত্যাশা জানান।
চিঠিতে দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমৃদ্ধি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র–বাংলাদেশ অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ।
তিনি পারস্পরিক বাণিজ্য চুক্তির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকারের আশা প্রকাশ করেন। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং উন্নতমানের মার্কিন সামরিক সরঞ্জামে বাংলাদেশের প্রবেশাধিকার বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর আস্থা প্রকাশ করে ট্রাম্প দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।