রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজারে বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল
নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে এক দিনের সফরে কক্সবাজার এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান–এর ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান। তাঁর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার মেসুত ওজিল।
বৃহস্পতিবার সকালে বিশেষ বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। পরে তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও তুর্কি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রেস ব্রিফিংয়ে বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ জরুরি। ২০১৭ সাল থেকে তুরস্ক মানবিক সহায়তায় সক্রিয় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পরে প্রতিনিধিদল উখিয়ার বালুখালী ৯ নম্বর শিবির, তুর্কি ফিল্ড হাসপাতাল ও একটি শিক্ষা–সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করে। দিনশেষে চ্যারিটি ফুটবল ম্যাচ ও রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নেওয়ার কথা রয়েছে।