রমজান উপলক্ষে আজ থেকে নতুন অফিস সময়সূচি কার্যকর
পবিত্র রমজান মাস উপলক্ষে আজ (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। সেহরি ও ইফতারের সময় বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নির্ধারিত সময় অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজানে ব্যাংকে লেনদেন চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। অফিস সময় সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা। একই সময়সূচি আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।
আদালতের কার্যক্রম চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত। আদালত অফিস খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। সব ক্ষেত্রেই জোহরের জন্য নির্ধারিত বিরতি থাকবে।