গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। তিনি জানান, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।
রিটে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা সংবিধান রক্ষার শপথ নিলেও সংবিধানে গণভোট আয়োজনের বিধান নেই। তাই এই গণভোটের পুরো প্রক্রিয়াই সংবিধান পরিপন্থী এবং ফলাফল বাতিলযোগ্য।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন গভীর রাতে ফলাফল প্রকাশ ও গেজেট জারি করে নির্বাচন কমিশন। ঘোষিত ফল অনুযায়ী, মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ ভোটারের মধ্যে ৬০.২৬ শতাংশ ভোট পড়ে। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ এবং ‘না’ ভোট ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭। বাতিল হয় ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ ভোট।
‘জুলাই জাতীয় সনদ’ ও সংবিধান সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই গণভোটের ফলাফল গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ১৬(৩) ধারা অনুযায়ী গেজেট আকারে প্রকাশ করা হয়।