ভোটের দিন প্রতি দুই ঘণ্টায় ভোটের হার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাবে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটের হার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন (ইসি)। ভোট গ্রহণ চলাকালে প্রতি দুই ঘণ্টা পরপর ভোট প্রদানের হার সংগ্রহ করে ইসি সচিবালয়ে পাঠাবেন রিটার্নিং কর্মকর্তারা।
ইসি সচিবালয়ের জারি করা এক পরিপত্রে জানানো হয়েছে, ভোটের দিন সকাল সাড়ে সাতটা থেকে শুরু করে বেসরকারি ফলাফল পাওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। ভোট শেষে প্রিসাইডিং কর্মকর্তাদের পাঠানো তথ্যের ভিত্তিতে প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহ ও প্রকাশ করা হবে।
পরিপত্রে আরও বলা হয়, ফলাফল ব্যবস্থাপনার জন্য ইএমএস সফটওয়্যার ব্যবহার করা হবে এবং ফলাফল এন্ট্রি ও পাঠাতে প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি ও ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।