দুর্নীতির সূচকে স্কোর বাড়লেও এক ধাপ পিছাল বাংলাদেশ
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫–এ বাংলাদেশের অবস্থান হয়েছে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম। ১৮২টি দেশের মধ্যে ১০০-এর স্কেলে বাংলাদেশের স্কোর ২৪, যা বৈশ্বিক গড় স্কোর ৪২-এর তুলনায় অনেক কম।
মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সূচকটি প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, আগের বছরের তুলনায় স্কোর ১ পয়েন্ট বাড়লেও র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক ধাপ পিছিয়েছে।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিবাচক মূল্যায়নে স্কোর বেড়েছে, তবে সংস্কারপ্রক্রিয়ার দুর্বলতা ও মাঠপর্যায়ের দুর্নীতির কারণে সামগ্রিক অবস্থানে উন্নতি হয়নি। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান এখনও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।