চট্টগ্রামের ১৩ আসনে মুখোমুখি বিএনপি-জামায়াত, ভোটের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের ১৬টি আসনে প্রচারণা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এসব আসনের মধ্যে অন্তত ১৩টিতেই বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে সরাসরি ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকলেও ভোটের মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে এই দুই দলের মধ্যে।
বিএনপি নেতৃত্বাধীন জোট ও ১১ দলীয় ঐক্যের সমীকরণ, বিদ্রোহী প্রার্থী, অভ্যন্তরীণ বিভাজন এবং স্থানীয় ইস্যু অনেক আসনের ফলাফল অনিশ্চিত করে তুলেছে। কোথাও বিএনপির শক্ত ঘাঁটি থাকলেও জামায়াতের সাংগঠনিক শক্তি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আবার কোথাও জামায়াতের ঐতিহ্যবাহী অবস্থানে বিএনপি জোর প্রচার চালাচ্ছে। ফলে চট্টগ্রামের নির্বাচনী ফলাফল শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা ধরে রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।