নির্বাচনী বক্তব্যে বিতর্ক, চাঁদাবাজদের ‘১২ তারিখ পর্যন্ত বিরতি’ চাইলেন বিএনপি প্রার্থী
চট্টগ্রাম–১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় তিনি প্রকাশ্যে চাঁদাবাজদের উদ্দেশে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার অনুরোধ জানান। গত শুক্রবার রাতে আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়।
ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, চাতরী আনোয়ারার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র এবং এখানকার ব্যবসা–বাণিজ্যের ওপর এলাকার অর্থনীতি নির্ভরশীল। তিনি অভিযোগ করেন, এলাকায় নৈরাজ্য, সন্ত্রাস ও চাঁদাবাজি চলছে। এ অবস্থায় তিনি ‘দুই হাত জোড় করে’ ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান জানান। তবে এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।