নির্বাচন সামনে রেখে বিকাশ-নগদে লেনদেন সীমিত, বন্ধ ইন্টারনেট ব্যাংকিং
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস সেবায় লেনদেন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আজ রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসব বিধিনিষেধ কার্যকর থাকবে।
এই সময়ে এমএফএসের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনে প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে এবং দৈনিক লেনদেনের সীমা থাকবে ১০ হাজার টাকা। একই সঙ্গে ইন্টারনেট ব্যাংকিং ও ব্যাংকের অ্যাপ ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে মার্চেন্ট পেমেন্ট ও বিল পরিশোধ স্বাভাবিক নিয়মেই চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচনকালীন অর্থনৈতিক অপরাধ রোধে সব এমএফএস লেনদেন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে এবং সন্দেহজনক লেনদেন তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।