নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে এবং জরুরি যোগাযোগের ব্যবস্থাও চালু রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনি সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে শতভাগ নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও মানবিকতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা হলে তা কঠোরভাবে দমন করা হবে।