• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

পল্লবীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার, স্বামী ঝুলন্ত অবস্থায়

পল্লবীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার, স্বামী ঝুলন্ত অবস্থায়

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর পল্লবীর কালশী এলাকায় বৃহস্পতিবার দুপুরে একটি বাসা থেকে এক দম্পতি ও তাঁদের দুই শিশুসন্তানের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মাসুম (৩৫), তাঁর স্ত্রী সুমি (৩০) এবং তাঁদের দুই সন্তান মিনহাজ (৪) ও আসহাব (২)।
পুলিশ জানায়, মিরপুর ১১ নম্বর সেকশনের ওয়াপদা তিন নম্বর পরিত্যক্ত ভবনের একটি ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাসুমের মরদেহ পাওয়া যায়। পাশের বিছানায় তাঁর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ ছিল।
পল্লবী জোনের অতিরিক্ত উপকমিশনার মো. আশরাফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে পরিবারের চরম আর্থিক সংকটের তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর মাসুম আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে নিহতের স্বজনদের দাবি, পারিবারিক অভাব-অনটনের কারণে ভিন্নভাবে ঘটনাটি ঘটতে পারে। এ বিষয়ে পুলিশ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছে।

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩পিএম, ঢাকা-বাংলাদেশ।