বর্তমান সরকার নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের সুযোগ এসেছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দীর্ঘ ১৫ বছর ধরে মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তবে পরিস্থিতির পরিবর্তনের ফলে এবার একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আকচা ইউনিয়নে এক পথসভায় তিনি বলেন, বর্তমানে দায়িত্বে থাকা সরকার নিরপেক্ষ এবং তারা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগ্রহী। ছাত্র-জনতার আন্দোলনের ফলেই আজ ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
নির্বাচনি অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য, কৃষক কার্ডের মাধ্যমে সেচ ও সার সুবিধা এবং কৃষকদের জন্য ঋণ মওকুফের ব্যবস্থা করা হবে। পাশাপাশি তরুণদের কর্মসংস্থান, নারীদের প্রশিক্ষণ এবং কৃষিভিত্তিক শিল্প উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল বলেন, হিন্দু-মুসলমান সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যেতে হবে। তিনি নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং জনগণের আমানতের খেয়ানত করা হবে না বলে আশ্বাস দেন।