দাবি বাস্তবায়ন না হওয়ায় যবিপ্রবি উপাচার্যকে প্রতীকী ‘মুলা’ উপহার
আবাসিক হলের নিরাপত্তা, ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা, ক্যাম্পাস সম্প্রসারণ ও পরিকল্পিত উন্নয়নসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা প্রতীকী প্রতিবাদ করেছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপাচার্যের অনুপস্থিতিতে প্রশাসনিক ভবনে তার কার্যালয়ের কর্মকর্তা পার্থ সারথী দাসের হাতে ‘মুলা’ তুলে দেন তারা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাস ও আবাসিক হলে পর্যাপ্ত সিসি ক্যামেরা না থাকায় নিয়মিত চুরির ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের কাজ অসম্পূর্ণ রয়েছে এবং মেডিকেল সেন্টারে বন্ধের দিনে চিকিৎসাসেবা পাওয়া যায় না। শিক্ষার্থীদের ভাষ্য, দেড় বছর দায়িত্বে থেকেও প্রশাসন নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে উপাচার্য ড. আব্দুল মজিদের বক্তব্য পাওয়া যায়নি।