ক্ষমতায় গেলে ফরিদপুর হবে নতুন বিভাগ, পদ্মা ব্যারেজের প্রতিশ্রুতি তারেক রহমানের
বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে ফরিদপুরে নির্বাচনি জনসভায় তিনি বলেন, ফরিদপুর অঞ্চলকে ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে, যাতে শুষ্ক মৌসুমে পানির সংকট দূর হয়। তারেক রহমান বলেন, জনগণের সমর্থন থাকলে যেকোনো বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব। তিনি আধুনিক কৃষি ব্যবস্থাপনা ও শিল্পায়নের মাধ্যমে ফরিদপুরে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও জানান। পাশাপাশি দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী উল্লেখ করে তিনি বলেন, গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হলে পিছিয়ে পড়া পরিবার স্বাবলম্বী হবে। বরিশাল থেকে হেলিকপ্টারে এসে তিনি জনসভায় যোগ দেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে ফরিদপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।