এক মাস অন-অ্যারাইভাল ভিসা স্থগিত: পররাষ্ট্র উপদেষ্টা
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে এক মাসের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং উদ্দেশ্যহীন ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভিসা কার্যক্রম পুরোপুরি বন্ধ নয়; সঠিক উদ্দেশ্যে কেউ আসতে চাইলে দূতাবাস থেকে ভিসা নিয়ে আসতে পারবেন।
আলাপকালে তৌহিদ হোসেন আরও জানান, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। এছাড়া ভারতের মিশনগুলোতে ভিসা সেবা চালুর বিষয়ে তিনি জানান, পরিস্থিতির কারণে নিরাপত্তা বিবেচনায় বর্তমানে তা বন্ধ রাখা হয়েছে। নির্বাচনের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।