কে কী বলল তা বিবেচ্য নয়; ১২ তারিখেই ভোট: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পুনরুল্লেখ করেছেন যে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মর্স ট্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, ‘কে কী বলল তা বিবেচ্য নয়; নির্ধারিত তারিখেই ভোট হবে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে উৎসবমুখর পরিবেশে নির্বাচন নিশ্চিত করবে এবং ফলাফল শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।’
নির্বাচন ঘিরে অপতথ্য ও এআই-প্রসূত ভুয়া ভিডিওর বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা বিভ্রান্তি ছড়াচ্ছে। বৈঠকে দক্ষিণ আফ্রিকার আদলে ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন’ উদ্যোগের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, অপরাধীদের মধ্যে কোনো অনুশোচনা বা সত্য স্বীকারের মানসিকতা না থাকায় বর্তমানে এটি সম্ভব নয়।