বিএনপি–জামায়াতকে জোটবদ্ধ নির্বাচনের পরামর্শ মজিবুর রহমান মঞ্জুর
ফেব্রুয়ারির নির্বাচনী অনিশ্চয়তা কাটাতে বিএনপি ও জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন শ্রমিকবিষয়ক সহসম্পাদক আজিজা সুলতানা। এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান।
মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে সমঝোতা হলেও রাজপথের কর্মসূচি নিয়ে সংশয় তৈরি হয়েছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতের বিরোধকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, “মাত্র সাত বছর আগে তারা একই প্রতীক নিয়ে নির্বাচন করেছে, তাহলে এখন বৃহত্তর স্বার্থে একজোট হলে অনিশ্চয়তা থাকবে না।”
তিনি আরও বলেন, নতুন রাষ্ট্রব্যবস্থা চালুর পর রাজনৈতিক বিতর্কে দেশের অগ্রগতি ব্যাহত হচ্ছে। এবি পার্টির মতে, আগে দেশকে গড়ে তোলা জরুরি, তারপর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। একই সঙ্গে তিনি গণহত্যার দায়ীদের বিচারের আওতায় আনারও দাবি জানান।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আব্দুল হালিম নান্নু, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সীসহ দলের অন্যান্য নেতা–কর্মীরা।