• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ডাক্তারের নির্দেশ: সাত দিন কথা বলতে পারবেন না শিমুল বিশ্বাস

ডাক্তারের নির্দেশ: সাত দিন কথা বলতে পারবেন না শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাসকে আপাতত কথা বলতে নিষেধ করেছেন চিকিৎসক।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, নিউমোনিয়া ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কমিউনিটি হাসপাতালের আইসিইউতে তিন দিন অবচেতন ছিলেন। পরে নিউমোনিয়ার অবনতি আশঙ্কায় তাঁকে আইসিইউ থেকে বেডে স্থানান্তর করা হয়। প্রায় ১৫ দিন হাসপাতালে থাকার পর বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন।

শিমুল বিশ্বাস জানান, অসুস্থতার কারণে এখনো বিছানা থেকে উঠে ড্রয়িংরুমে যেতে পারেন না। রোগের পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর কণ্ঠস্বর বসে গেছে। গতকাল মঙ্গলবার এক্সরে করার পর ইএনটি সার্জন তাঁকে সাত দিন সম্পূর্ণ কথা বলা থেকে বিরত থাকতে বলেছেন।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অসংখ্য ফোনকল আসলেও বর্তমানে তিনি সেগুলো রিসিভ করতে পারছেন না। সাময়িক অসুবিধার জন্য তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং মানবিক দৃষ্টিতে বিষয়টি দেখার আহ্বান জানিয়েছেন।

শিমুল বিশ্বাস দেশবাসীর প্রতি দোয়া কামনা করে বলেন, পরম করুনাময় আল্লাহপাক সকলের প্রতি সদয় হোন।

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩পিএম, ঢাকা-বাংলাদেশ।