বাংলাদেশ-ইউরোপ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্কটিশ পার্লামেন্টে ড. ওয়ালি’র আহ্বান
বাংলাদেশ ও ইউরোপের মধ্যে ব্যবসা, শিক্ষা ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়াতে হবে। এতে দুই অঞ্চলের অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি টেকসই উন্নয়নেও নতুন সুযোগ সৃষ্টি হবে।” — স্কটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফোরামে এমন মন্তব্য করেন ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই)-এর প্রেসিডেন্ট ও এডিনবার্গে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ড. ওয়ালি তাসার উদ্দিন, এমবিই।
গত ১ ও ৪ সেপ্টেম্বর এডিনবার্গের হেরিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয় এবং স্কটিশ পার্লামেন্টে আয়োজিত স্কটল্যান্ড ফোরাম ২০২৫-এ তিনি মূল বক্তা হিসেবে অংশ নেন। তার বক্তৃতায় তিনি ১৯৭৬ সাল থেকে স্কটল্যান্ডে নিজের কূটনৈতিক ও নাগরিক যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন এবং ইউরোপ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আহ্বান জানান।
ড. উদ্দিন বলেন, “আমরা চাই ইবিএফসিআই-এর মাধ্যমে ইউরোপ এবং বাংলাদেশকে একটি টেকসই সেতুবন্ধনে যুক্ত করতে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা বিনিময় ও গবেষণার পাশাপাশি সাংস্কৃতিক সম্পর্কের প্রসার আমাদের অগ্রাধিকার।” তিনি বাংলাদেশের উন্নয়ন যাত্রায় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা বিশেষভাবে উল্লেখ করেন এবং এই প্রচেষ্টায় বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের প্রধান হিজব মাইকেল মিলারের সহায়তার প্রশংসা করেন।
ফোরামের অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন তাসমিনা আহমেদ-শেখ ওবিই (ফোরামের প্রধান ও যুক্তরাজ্যের সাবেক এমপি), হেনরি ম্যাকলেইশ (স্কটল্যান্ডের প্রাক্তন প্রথম মন্ত্রী), বার্টি আহার্ন (আয়ারল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী), অ্যান লিন্ডে (সুইডেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী), ইভা-মারিয়া লিমেটস (এস্তোনিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী), এরক্কি তুওমিওজা (ফিনল্যান্ডের সাবেক পররাষ্ট্রমন্ত্রী)সহ ইউরোপ ও এর বাইরের উচ্চপর্যায়ের বহু রাজনৈতিক নেতা, সংসদ সদস্য ও কূটনীতিক।
স্কটিশ পার্লামেন্ট ও এডিনবার্গ ক্যাসেলে আয়োজিত সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কূটনীতি, উন্নয়ন ও আন্তঃসরকারি সহযোগিতা নিয়ে একাধিক প্যানেল আলোচনা হয়। আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক সংলাপ ও কৌশলগত অংশীদারিত্বে স্কটল্যান্ডের ভূমিকাকে আরও শক্তিশালী করবে।বাংলাদেশ-ইউরোপ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্কটিশ পার্লামেন্টে ড. ওয়ালি তাসার উদ্দিনের আহ্বান