ছাগল–কাণ্ডের মতিউরের গোপন বৈঠক, ১১ পুলিশ বরখাস্ত
ছাগল–কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে আদালতে নেওয়ার পথে পুলিশের সহায়তায় গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক এসআইসহ ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
গত ১২ আগস্ট এ ঘটনা ঘটে। সেদিন কিশোরগঞ্জ কারাগার থেকে মতিউর রহমানকে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজিরা দিতে নেওয়া হয়েছিল। আদালত শেষে ফেরার পথে নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগরে নিরালা হাড্ডি রেস্টুরেন্টে খাবারের জন্য গাড়ি থামে।
অভিযোগ উঠেছে, পুলিশ সদস্যরা উৎকোচ নিয়ে রেস্টুরেন্টের একটি কেবিনে মতিউর রহমানকে অপর এক ব্যক্তির সঙ্গে বৈঠকের সুযোগ দেন। এ সময় পুলিশ নিজেরা বাইরে বসে খাবার খান।
ঘটনার তদন্তে সত্যতা পাওয়া গেলে শনিবার এক আদেশে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী তাঁদের বরখাস্ত করেন।
বরখাস্তদের মধ্যে এসআই আবুল কাশেম ও কনস্টেবল মনিরুজ্জামান, মো. কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, মো. রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভীর রহমান, মো. আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস রয়েছেন। তাঁদের পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে।
কিশোরগঞ্জ কারাগারের জেল সুপার রিতেশ চাকমা জানান, মতিউর রহমানকে গত ১১ এপ্রিল ওই কারাগারে আনা হয়। ১২ আগস্ট আদালতে হাজিরার পর তাঁকে ফের কারাগারে নেওয়া হয়। পরে ২৬ আগস্ট তাঁকে কাশিমপুর-২ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।