এনসিপি নেতার উস্কানিমূলক বক্তব্যে ছাত্রদলের প্রতিবাদ
কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারীর দেওয়া ঔদ্ধত্যপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “হঠাৎ গজিয়ে ওঠা কিছু হাইব্রিড নেতা রাজনীতিকে শিষ্টাচার ও নীতি থেকে সরিয়ে এনে ঘৃণা ও বিষোদগারের মাধ্যমে নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করতে চাইছেন। এটা দেশের সুস্থ রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।”
তারা বলেন, “নাসিরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারের মাটি ও মানুষের ভালোবাসার নেতা সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে যে ভাষায় কথা বলেছেন, তা কেবল অশ্রদ্ধাপূর্ণই নয়, রাজনৈতিকভাবে চরম ঔদ্ধত্যপূর্ণ ও উত্তেজনা সৃষ্টিকারী। এমন বক্তব্যে ছাত্র-জনতার মাঝে ক্ষোভ সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়।”
ছাত্রদল মনে করে, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সুস্থ রাজনৈতিক চর্চার বদলে কিছু নতুন নেতা রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকতে গিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে লাগামহীন ভাষায় বক্তব্য দিচ্ছেন। এই মানসিকতা নিন্দনীয় ও গণতন্ত্রবিরোধী।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “জাতীয় নেতাদের প্রতি এই ধরণের অসংলগ্ন ও অরুচিকর মন্তব্য যদি ভবিষ্যতে ছাত্র-জনতার ক্ষোভে পরিণত হয়, তার দায় এনসিপি নেতাদেরই নিতে হবে।”