শাবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা
শাবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই কর্মশালার আয়োজন করে। নৃবিজ্ঞান বিভাগ এতে সহযোগিতা করে।
তিন সেশনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে ছিল সফট স্কিল, দ্বিতীয় ছিল সরকারি চাকুরি ও ব্যাংক জব এবং তৃতীয়টি ছিল ডেভেলপমেন্ট সেক্টর, উচ্চশিক্ষা ও গবেষণায় ক্যারিয়ার গড়ার নির্দেশনা।
পঞ্চম ব্যাচের শাহজাহান মিয়া, সপ্তম ব্যাচের মো: মনিরুল ইসলাম কল্লোল এবং বিশ্বজিৎ চক্রবর্তী, ৮ম ব্যাচের রাজিব মামুন, ৯ম ব্যাচের শরিফুল আলম ভূইয়া, মোশারফ হোসেন পলাশ এবং মিঠুন চৌধুরী, ১৩ তম ব্যাচের সুলতান মাহমুদ তান্না, ১৮ তম ব্যাচের চাঁদ মিয়া, ১৯তম ব্যাচের সুদিপ্ত দাস গুপ্ত অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার বিষয়ক দিক নির্দেশনা প্রদান করেন।
নৃবিজ্ঞান বিভাগের প্রায় ১৬০ জন শিক্ষার্থী এ কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালা আয়োজনে আহ্বায়ক ছিলেন নৃ-বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মুরশিদ হাসান স্বপন ও সদস্য সচিব ছিলেন একই বিভাগের প্রভাষক ও অ্যালামনাই সহকারী শিক্ষা ও গবেষণা সম্পাদক মো: আশরাফুল হক।
আয়োজনটিতে যুক্ত ছিলেন বিভাগীয় প্রধান ও প্রক্টর অধ্যাপক মো: মোখলেসুর রহমান, পরিবহণ প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সহযোগী অধ্যাপক ড. শাহাজাহান মিয়া, নৃবিজ্ঞান সমিতির ট্রেজারার চাঁদ মিয়া ও প্রভাষক ফারিয়া বিনতে আরিফ।
একই অনুষ্ঠানে ৯ম ব্যাচের অ্যালামনাইগণ তাদের পক্ষ থেকে বিভাগের সেমিনার লাইব্রেরির 'লিপি-জেবিন কর্ণার'-এ বই প্রদান করেন। কর্মশালা শেষে সবাইকে ধন্যবাদ দেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন পলাশ। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সংবদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।