ছাত্র-জনতার আত্মত্যাগ নতুন বাংলাদেশ গঠনের প্রেরণা- ওয়ালী তাসার উদ্দিন
ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন ইবিএফসিআই এর সভাপতি ওয়ালী তাসার উদ্দিন বলেছেন- ‘ শহিদ আবু সাঈদ-মগ্ধ সহ হাজারও শহিদের অবদান আমাদের আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখতে হবে ছাত্র-জনতার এই আন্দোলনকে আমাদের বুঝতে হবে। তাদের যে আত্মত্যাগ তা ভুলে গেলে চলবে না। দেশের জন্য ছাত্ররা জীবন বিলিয়ে দিয়েছে, তাদের জন্য আমাদের ভালোবাসা দিতে হবে।’
সম্প্রতি জাতীয় দৈনিক আমরাই বাংলাদেশ আয়োজিত টক শোতে তিনি এসব কথা বলেন।
তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফর করেছে। প্রতিনিধি দলে বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষে প্রতিনিধিত্ব করেন ওয়ালী তাসার উদ্দিন।
ইউরোপের প্রতিনিধি দলটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গেও সাক্ষাৎ করেছে। ছাত্র-জনতার আন্দোলন ও ফ্যাসিস্ট অগণতান্ত্রিক সরকারের পতন প্রসঙ্গে প্রতিনিধি দলটি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে বলেও টক শোতে জানিয়েছেন ওয়ালী তাসার উদ্দিন।
দৈনিক আমরাই বাংলাদেশের সম্পাদক মো. তাহজীব হাসান তালুকদারের সঞ্চালনায় টক শো-তে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের অবদানের কথা উল্লেখ করে ওয়ালী তাসার উদ্দিন বলেন-‘ছাত্ররা কিন্তু অর্থের জন্য কোনো কিছু করেনি। কোনো প্রলোভন তাদের অগ্রযাত্রাকে প্রভাবিত করতে পারেনি। তারা দেশ পুনরুদ্ধারের ব্যাপারে দৃঢ় পদক্ষেপে এগিয়ে গিয়েছে।’
ছাত্রদের আন্দোলনের স্পিরিটকে টিকিয়ে রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন-‘এই ছাত্র নিজেদের জীবন বিলিয়ে দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা গোটা বিশ^কে জাগিয়ে তুলেছে। সারা বিশ^ জানে, বাংলাদেশ এখন নতুন দিগন্তের সূচনা করেছে। অধিকার ও দেশের কল্যাণে বাংলাদেশের জনগণ জীবন দিতে জানে। এই অর্জনের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না’।
শিক্ষার্থীদের অবদানের কথা স্বীকার করে ওয়ালী তাসার উদ্দিন বলেন-‘আমি মনে করি, এই শিক্ষার্থীরা আমাদের পিতা-মাতা। তারাই আমাদের অভিভাবক হওয়ার যোগ্যতা রাখে। পিতা যেমন সন্তানকে অনিষ্ঠ হতে রক্ষার চেষ্টা করে, তেমনি এই কোমলমতি শিক্ষার্থীরাও অভিভাবকের মতো জীবন উৎসর্গ করেছে দেশ ও মানুষের জন্য। শহিদ আবু সাঈদ-মগ্ধ সহ হাজারও শহিদের অবদান আমাদের আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখতে হবে।’