আওয়ামীপন্থী বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও
আওয়ামীপন্থী বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম মঙ্গলবার রাতে তাদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে এ ঘোষণা দেন।
তারা তাদের পোস্টে লিখেছেন, তারা “আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে” এ কর্মসূচি পালন করবেন।
সেইসাথে, সারজিস আলম তার পোস্টের কমেন্ট বক্সে আরও লিখেছেন, “এই খুনি হাসিনার দালালদের কারণেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না। এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে আগাতে পারে না, পারবে না।”
হাসনাত আব্দুল্লাহও তার ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে লেখেন, “যে লীগের হাতে হাজার হাজার ছাত্র ও নাগরিকের রক্ত লেগে আছে, দুই মাস যেতে না যেতেই কীভাবে দুঃসাহস হয় হাইকোর্ট প্রাঙ্গণে খুনি হাসিনার নামে স্লোগান দেওয়ার?”