দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গ্রেফতারের কথা বললেন উপদেষ্টা
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হার্ডলাইনে যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, সরকারের কাছে তথ্য আছে যে অনেক করপোরেট প্রতিষ্ঠান ইচ্ছে করে পণ্যের দাম বাড়াচ্ছে। বিশেষ ক্ষমতা আইনে সরকার তাদের গ্রেফতার করবে। উপদেষ্টা আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
মঙ্গলবার তিনি সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বা বিএসআরএফ আয়োজিত মতবিনিময় সভায় কথা বলছিলেন।
“বন্যার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। যোগান ও চাহিদার মধ্যে সমন্বয় নেই। বাজারে সিন্ডিকেট আছে এবং এই সিন্ডিকেট ভাঙ্গার কাজ চলছে,” বলছিলেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো এবং এই সিন্ডিকেটের ভেতরে ব্যবসায়ীরা ছিলেন।