২৩ অক্টোবরের মধ্যে করতে হবে হজ নিবন্ধন
আগামী বছর হজে যেতে ২৩শে অক্টোবরের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে।
এতে বলা হয়েছে, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানীর সাথে চুক্তি সম্পাদন কার্যক্রম ২৩ অক্টোবর হতে শুরু হবে। তাঁবু বরাদ্দ প্রদান করার ক্ষেত্রে 'আগে আসলে আগে পাবেন' নীতি অনুসরণ করা হয়ে থাকে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৩শে অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ না হলে মিনা ও আরাফায় কাঙ্খিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না। তাঁবু গ্রহণ ও সার্ভিস কোম্পানীর সাথে চুক্তি সম্পাদনে দেরি হলে হজযাত্রীদের জামারাহ হতে অনেক দূরে পাহাড়ী এলাকা কিংবা নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে।